
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও রাজা মিয়া প্রভাব খাটিয়ে বিভিন্ন জমি দখল, পুকুর দখলসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। ফলে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও রাজা মিয়ার বিরুদ্ধে স্থানীয় জনৈক আব্দুল মালেক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডিপুর মৌজায় আব্দুল মালেক ২০০১ ও ২০০৩ সালে ১৮ শতক জমি ক্রয় করে দখলভোগ করে আসছিলেন। এদিকে আব্দুর রাজ্জাক ও আজহারুল ইসলাম রাজা মিয়াসহ ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ দল গত ২০২৫ সালের ১৬ আগস্ট আব্দুল মালেকের ১৮ শতক জমির মধ্যে ৮ শতক জমি দখল করে নিয়ে আব্দুল মালেককে প্রকাশ্যে হুমকি দেয় যে, ‘যদি মামলা মোকদ্দমা করিস তাহলে বাকী দশ শতকও দখল করে নেবো।’ পরে আব্দুল মালেক অভিযোগ দায়ের করলে উক্ত সন্ত্রাসী বাহিনী গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর অবশিষ্ট ১০ শতক জমি দখল করে নেয়। উল্লেখ্য থাকে যে, ওই ১৮ শতক জমির বিআরএস খতিয়ান আব্দুল মালেকের নামে প্রস্তুত আছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

