
সাধন সাহা জয় :
ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের দায়ে দুটি কাপড়ের দোকানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাবের একটি দল সহায়তা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পৌর এলাকার সড়ক বাজার ও নিউ মার্কেটের পাইকারি ও খুচরা কাপড়ের দোকানগুলোতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, কিছু দোকান বিদেশি কাপড় বিক্রির সময় এর সপক্ষে কোনো বৈধ প্রমাণক (কাগজপত্র) দেখাতে পারেনি। ক্রয়-বিক্রয়ের সঠিক নথি না থাকায় কাপড়গুলোর উৎস, সরকারকে যথাযথ ভ্যাট-ট্যাক্স প্রদান করা হয়েছে কি না বা পণ্যটি নকল কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। এছাড়া দেশি পণ্যকে বিদেশি হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ থাকায় ভোক্তা প্রতারণার ঝুঁকি তৈরি হয়।
এসব অভিযোগে ‘শাড়ি বিচিত্রা’কে ১ লাখ টাকা এবং ‘বি.বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা দেওয়া, যথাযথ সোর্সিং সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার রাখা, অস্বাভাবিক মুনাফা অর্জন থেকে বিরত থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদানসহ সতর্ক করা হয়েছে।

