
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা–১৫ আসনের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টনকে।
মনোনয়নপত্র গ্রহণের পর শফিকুল ইসলাম খান মিল্টন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।
শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা–১৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই তিনি এই এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে চান। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে অগ্রাধিকার দিয়ে তিনি একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী ঢাকা–১৫ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, শফিকুল ইসলাম খান মিল্টনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্ক ঢাকা–১৫ আসনে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।

