
রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় নিরা বেগম (২২) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরা বেগম মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের ফরহাদ মোল্লার মেয়ে। তার স্বামীর নাম নাজির শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিরা বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

