
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় এবং সম্মানিত শিক্ষক সমাজের সাথে শুভেচ্ছা বিনিময়—এসব গুরুত্বপূর্ণ কর্মসূচির মাধ্যমে আজ খুলনায় ব্যস্ত দিন অতিবাহিত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু।
মহানগরীর ২৮নং ওয়ার্ডের মিশন মসজিদ ও মাদ্রাসায় , ১৯ নং ওয়ার্ডের, পল্লীমঙ্গল মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ আরোগ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জনাব নজরুল ইসলাম মঞ্জু বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লীদের সাথে অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল। দেশনেত্রীর সুস্থতা কেবল তার পরিবারের জন্য নয়, সমগ্র দেশ এবং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি।” তিনি সকলের প্রতি দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
সকাল ১০:০০ টায় জননেতা নজরুল ইসলাম মঞ্জু গাজী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। সেখানে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি তাদের পেশাগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
জনাব মঞ্জু স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা জাতির মেরুদণ্ডস্বরূপ। করোনা মহামারি সহ যেকোনো সংকটকালে আপনাদের নিঃস্বার্থ সেবা আমাদের প্রেরণা দেয়। আমি বিশ্বাস করি, আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে খুলনা অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব।” সভায় স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন। জনাব মঞ্জু তাদের পাশে থাকার এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।
জনাব মঞ্জু শিক্ষক সমাজের সাথেও একাধিক শুভেচ্ছা ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন। তিনি হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে তিনি কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজের শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন এবং শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত গ্রহণ করেন
শিক্ষকদের সাথে মতবিনিময়ের সময় তিনি শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, “আগামীর প্রজন্মকে গড়ে তোলার মূল কারিগর আপনারা। একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। খুলনা-২ আসনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।” তিনি শিক্ষা খাতে বিরাজমান সমস্যাগুলো নিরসনে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল, সান্টু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

