
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনা মহানগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপি কোরআন খতম ও দোয়া মাহফিল এর আয়োজন করে। দোয়া মাহফিল এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ২৭ নং ওয়ার্ড পূর্ব বানিয়া খামার বাইতুল নাজাত মাদ্রাসায় এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার প্রতীক। নিজের মাটি, দেশ ও জনগণের সঙ্গে যিনি কখনও আপস করেননি, তার অসুস্থতায় আজ গোটা জাতি উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। সরকারের প্রতি অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে মঞ্জু বলেন, জনগণের ঐকান্তিক দোয়ায় আল্লাহ্ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আরিফুর রহমান অপু, আসাদুজ্জামান মুরাদ, সাচ্চু সহ খুলনা মহানগর সাবেক বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা করে আবেগপূর্ণ বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও কামনা করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা দলমত নির্বিশেষে দেশনেত্রীর জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান।

