
মোঃ মাসুম বিল্লাহ, প্রতিনিধি, খুলনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর উপস্থিতিতে ১৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে মাদার অব ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা চিকিৎসা কার্যক্রমেও যুক্ত হয়েছে।জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিউল নামের এক বিশেষজ্ঞ চিকিৎসক।
সকালে তারা সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।
হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু,সাচ্চু, সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

