
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাটের শুভ উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিভিন্ন স্থান থেকে আসা পশু মালিক ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেসিসি সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে খুলনা শহরে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা কোরবানির দিন দুপুর থেকে রাত ১০টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছি।”
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহায় খুলনাবাসীর সুবিধার্থে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এবারই প্রথম খুলনাবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য কেসিসির পক্ষ থেকে ৮টি করে বিশেষ বস্তা দেওয়া হবে। নগরবাসীকে ড্রেনে কোনো বর্জ্য বা রক্ত না ফেলে নির্দিষ্ট বস্তায় রাখার অনুরোধ জানিয়ে তিনি একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, হাট পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সুবিধার্থে ৪% হারে হাসিল আদায় করা হচ্ছে। হাটে জালিয়াতি রোধে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। উদ্বোধনের পর থেকেই হাটে পশু আসতে শুরু করেছে এবং বরাবরের মতোই ঈদের দিন ভোর পর্যন্ত এই কেনাবেচা চলবে।

