
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন—এই প্রতিশ্রুতি সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো তারুণ্য ও উন্নয়নবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আজকের সময়ের প্রধান চ্যালেঞ্জ—আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
জেলা প্রশাসক জানান, দেশের সার্বিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজই হচ্ছে সবচেয়ে বড় চালিকাশক্তি। তাই তাদেরকে সুযোগ, সহায়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন থেকে শুরু করে সব স্তরের প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বক্তারা বলেন, তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও ডিজিটাল দক্ষতা দেশের ভবিষ্যৎ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ অধিদপ্তর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সক্ষমতার এক অনুপ্রেরণাদায়ী চিত্র তুলে ধরে।

