
নূর আলম সিদ্দিকী-নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি সমাধানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের আশ্বাসে ওই কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের জটিলতার সমাধান ও সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতির পদত্যাগের দাবিতে দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বর্তমান জটিলতার জন্য লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেনকে দায়ী করে তাঁর পদত্যাগের দাবিতে শ্লোগান দেন। এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে রাজপথ থেকে সরে যাওয়ার কথা বললেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকেন। রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-ই- আলম সিদ্দিকী, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। তাঁরা শিক্ষক-শিক্ষার্থীদের দাবির সমাধানে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আশ্বস্ত করেন। এসময় আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য বলেন, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সৈয়দপুর স্কুল কলেজ মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, আন্দোলনকারী শিক্ষার্থী তামিম প্রমুখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম সিদ্দিকী রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে বৈঠক করেন। বৈঠকে লায়ন্স স্কুল এন্ড কলেজের জটিলতা নিরসনে বিভিন্ন আলোচনা হয়। এসময় শিক্ষক ও কর্মচারী ও শিক্ষার্থীদের দাবির বিষয়গুলে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে কর্মসূচি স্থগিত করেন। তবে লায়ন্স স্কুল এন্ড কলেজের সৃষ্ট জটিলতা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও ক্লাশ বর্জনের ঘোষণা দেন। ফলে মঙ্গলবার (২৮ অক্টোবর) কোন ক্লাশ হয়নি।
এদিকে শিক্ষকদের একটি সুত্র জানায়, লায়ন্স স্কুল এন্ড কলেজের জটিলতা নিরসনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সুধিজনদের সমন্বয়ে একটি দল জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৯ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎ করা হবে। তারা বলেন, আমরা আশা করছি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের উপায় খুজে পাওয়া যাবে। ওই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান তারা।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) বেলা দেড়টায় বেতন না পাওয়া শিক্ষক – কর্মচারিদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের জটিলতার সমাধান ও সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দপুর প্রেসক্লাবে যায়। সেখানে কিছু সময় অবস্থান করে শহরের পাঁচমাথা সড়ক মোড়ে বিক্ষোভ করে।
এ সময় শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন। পরে শিক্ষক-শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে রোগী বহন করা এ্যাম্বুলেন্স ও জরুরী সেবায় নিয়োজিত থাকা যানবাহন চলাচলে সহযোগিতা করে আন্দোলনকারীরা। পরে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে টানা ৭ ঘন্টা চলা অবরোধের পর রাত ১১ টায় কর্মসূচি স্থগিত করা হয়।
উল্লেখ্য , সৈয়দপুরে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেনের খামখেয়ালীপনায় স্থবির হয়ে পড়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ক্লাবের সভাপতি ইচ্ছে করেই জটিলতা সৃষ্টি করে নবনিযুক্ত কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে চেক স্বাক্ষরের ক্ষমতা না দেয়ায় প্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষক-কর্মচারী গত এক মাস থেকে বেতনহীন রয়েছেন। ক্লাব সভাপতি ক্ষমতার অপব্যবহার করে কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতিকে চেক স্বাক্ষর করার ক্ষমতা হস্তান্তর করছেন না। তিনি নানা অজুহাতের আশ্রয় নিয়ে তা আটকে রেখেছেন অভিযোগ শিক্ষক ও কর্মচারীদের। ফলে প্রতিষ্ঠানে চরম অচলাবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন না ধরায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

