
মোঃ ওয়াহেদ আলী :
২০২৫ সালের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
পাশাপাশি যে নম্বর বা বিষয় থেকে পুনঃ নিরীক্ষণের আবেদন করা হয়েছিল, সেসব ফলাফল আবেদনকারীদের এসএমএসের মাধ্যমেও পাঠানো হবে।
জানা গেছে, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাতদিন আবেদন গ্রহণ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।
উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

