
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ রোডের একতা টাওয়ারে শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ফাস্টফুড হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় মার্কেটটি বন্ধ ছিল। স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার কিছু পর ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত দোকানজুড়ে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন কেবল একটি দোকানেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, “আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হননি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দোকানটির কিছু আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

