
গাইবান্ধায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর রাকিবের মর্মান্তিক মৃত্যু।
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব (১৭) নামের এক কিশোর মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের দাবি, ঢোলভাঙ্গা এলাকায় সড়কটি সরু ও বাঁক থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
