
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের মধ্যে এবার নবীনগরে রান্নার গ্যাসের সিলিন্ডারে পানি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নবীনগর পৌরসভার গোলাপ চেয়ারম্যান মার্কেটের একটি দোকানে এই জালিয়াতির ঘটনা হাতেনাতে ধরা পড়ে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তরপাড়ার বাসিন্দা আক্তার হোসেন গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় শিপন ঘোষের দোকান থেকে ১৭৫০ টাকায় একটি গ্যাসের সিলিন্ডার ক্রয় করেন। কিন্তু ব্যবহারের মাত্র ৮ দিনের মাথায় গ্যাস শেষ হয়ে যাওয়ায় তিনি সিলিন্ডারটি নিয়ে আজ দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় দোকানে আসেন। সিলিন্ডারটি অস্বাভাবিক ভারী মনে হওয়ায় উপস্থিত সবার সামনে ওজন পরীক্ষা করা হয়।
দোকান মালিক শিপন ঘোষ সিলিন্ডারটি পরীক্ষা করলে দেখা যায়, ভেতরে গ্যাসের বদলে প্রচুর পরিমাণে পানি রয়েছে। সিলিন্ডার থেকে পানি বের করার পর মেপে দেখা যায়, সেটিতে প্রায় ৩ থেকে ৪ কেজি পানি ভরা ছিল।
দোকান মালিকের অসহায়ত্ব
অভিযুক্ত দোকান মালিক শিপন ঘোষ সাংবাদিকদের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন:
”রমজান মাস আসার পর থেকে এই ধরনের অভিযোগ প্রায়ই আসছে। গ্যাস বিক্রির মাত্র ৭-১০ দিনের মধ্যেই গ্রাহকরা ফিরে আসছেন। অতিরিক্ত ওজন দেখে চেক করলেই পানি পাওয়া যাচ্ছে। এতে আমার দোকানের দুর্নাম হচ্ছে। আমি ডিলারদের বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো সদুত্তর দেয়নি।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেট রমজানকে টার্গেট করে সিলিন্ডারে পানি মিশিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। ডিলার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে দাবি তাদের।
ভুক্তভোগী আক্তার হোসেনসহ স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে নবী নগর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

