
দেবাশীষ রায় :
নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রীন বিডি লিমিটেড কারখানার ছাঁটাইবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ইকো ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিক হাবিব যৌথ বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিক সংগঠনগুলো। গতকাল (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোগরা বাইপাস পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীতে ৫০ জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। এসময় সংহতি জানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাবিব। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গাজীপুরের শ্রমিক সংগঠনগুলো। তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দায়ীদের বিচারের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের (বিগফ) আইন ও সিবিএ বিষয়ক সম্পাদক ও আইবিসির গাজীপুর আঞ্চলিক কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জোবায়ের সরকার।

বক্তব্যে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন,
“৫ আগস্টের পর থেকে আন্দোলনকারী পাঁচজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন, কিন্তু একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কেবল ক্ষমতার পালাবদল হয়েছে। শ্রমিক হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।”
তিনি আরও দাবি করেন, নীলফামারীর নিহত শ্রমিক হাবিবসহ সকল শ্রমিক হত্যার বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধেরও আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিকনেত্রী রোজিনা আক্তার সুমি, মোস্তফা কামাল, আল কামরান, হাসান রহমান মামুন, আমজাদ হোসেন, আশরাফুজ্জামান, কুলসুম আক্তার, বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, মাসুদ মন্ডল, মোবারক খান, ফজলুর রহমান, মিজানুর রহমান সিকদার, মোঃ কাইয়ুম, আসমা আক্তার, মোহাম্মদ আল-আমিন (শ্রাবন), লতা পারভি, আবু হানিফ, আনোয়ার হোসেন, হামিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

