
শুকুর আলী-নাগরপুর প্রতিনিধি :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন এবং বিআরডিবির চেয়ারম্যান আহাম্মদ হোসেন রানা।
আলোচনা সভা শেষে উপজেলার মৎস্যজীবী ও সুবিধাভোগীদের মধ্যে দু’জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

