
সাইমন :
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। আজ ভোর থেকেই উদ্যানে নেতাকর্মীদের ঢল দেখা গেছে।
জামায়াত সূত্র জানিয়েছে, এই সমাবেশে কোনো প্রধান অতিথি রাখা হয়নি। আয়োজকদের ভাষ্যে, এটি শুধু জামায়াতের আয়োজন নয়—সকল দল-মতের অংশগ্রহণ নিশ্চিত করতেই প্রধান অতিথির কোনো স্থান নির্ধারণ করা হয়নি।
শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা যায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। অনেকে আগের রাতেই সেখানে এসে অবস্থান নেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ মাঠেই আদায় করতে দেখা যায় অনেক অংশগ্রহণকারীকে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে ছিল জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’, আর অনেকের পরনে ছিল সাদা গেঞ্জি, যাতে লেখা ছিল—
‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।
সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে।

