
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। গত কয়েকদিন ধরে গাইবান্ধা জেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে সম্প্রতি গাইবান্ধার দুটি রেল স্টেশনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে প্রথম দিনে ৫১টি এবং দ্বিতীয় দিনে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গাইবান্ধা শহরের একটি স্থানে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে, যেখানে প্রায় ৩৫টি স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং আজকের দিনে আরও প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল স্টেট অফিসার মোহাম্মদ মনজুর হোসেন জানান, “আমরা নিয়মিতই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে থাকি। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে প্রয়োজন সাপেক্ষে নিয়মিত বিরতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।”
অভিযানে উচ্ছেদকৃত অবৈধ স্থাপনাগুলোর মালিকদের সাথে আলোচনা করা হয়েছে এবং তাদের স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য আধাঘণ্টার সময় দেওয়া হয়েছিল। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এছাড়া রেলওয়ের জায়গায় অবৈধভাবে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার কোনো নীতি নেই এবং বর্তমানে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

