
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানার নতুন বাজার মডেল টাউন এলাকায় এক গৃহবধূকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মোছাঃ ফারজানা (২০)। তিনি আইয়ুব আলীর মেয়ে এবং মোঃ বাবু মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ঢাকার মিরপুর বিহারী পট্টি এলাকায়। বর্তমানে তারা কোনাবাড়ীর নতুন বাজার নিউ মার্কেট মডেল টাউনে রাজুর ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে স্বামী-স্ত্রী ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ফারজানার স্বামী বাবু মিয়া একটি তাকওয়া গাড়ির চালক হিসেবে কাজ করতেন। স্থানীয়দের দাবি, ফারজানার সঙ্গে রোমান নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। সেখানে ইমরুল মাতব্বরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ২০ হাজার টাকা জরিমানার শর্তে মীমাংসা করা হয়।
তবে এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরে শুক্রবার ফারজানাকে হত্যার পর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে অভিযুক্ত স্বামী পালিয়ে যায় বলে স্থানীয়রা ধারণা করছেন।
এদিকে সন্ধ্যার পর ঘর থেকে পোড়া গন্ধ বের হলে আশপাশের লোকজন টিন কেটে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি কোনাবাড়ী মেট্রো থানায় জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে।

