
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাণকেন্দ্র আলিয়াবাদ (আলিয়াপাক) গোল চত্বর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পুর তেলের দোকানসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পুর তেলের দোকান ও পার্শ্ববর্তী দোকানে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই দোকানের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী এবং মজুত রাখা কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে কয়লা হয়ে যায়।
প্রাথমিক ধারণা অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে দুটি দোকানের প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তেলের দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সব হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বহু কষ্টের উপার্জনে গড়া এই দোকানগুলোই ছিল তাদের স্বপ্নের ঠিকানা।
ভুক্তভোগী এক ব্যবসায়ী আর্তনাদ করে বলেন, “মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। দোকানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল ছিল, যার কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
পাপ্পু ভাইয়ের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দোয়া ও শুভকামনা রইল।

