
ইসতিয়াক আহম্মেদ ইমন,
নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বিকট শব্দে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েহে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলা সদরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখভাগে এ ঘটনা ঘটে। নিঝুম রাতের নীরবতা ভেঙে আকস্মিক এই বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে চরম ভীতির সঞ্চার হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাতে পুরো বাজার এলাকা জনশূন্য ছিল এবং প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ও বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দলীয় কার্যালয়ের সামনের অংশ লক্ষ্য করে বিকট শব্দে বিস্ফোরণ জাতীয় ঘটনা ঘটে শব্দের তীব্রতায় আশেপাশের বাসাবাড়ি ও দোকানপাটের ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি করে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে গভীর রাত হওয়ায় ওই মুহূর্তে রাস্তায় কোনো পথচারী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটন। ঘটেনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আলহাজ্ব মো. হানজালা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
একই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন বলেন, “এলাকায় পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করতেই এই অরাজকতা চালানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় দলীয়ভাবে কঠোর সাংগঠনিক কর্মসূচি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় বাজার নাইট গার্ড (নৈশপ্রহরী) হারুনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আলামত সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা কর। হচ্ছে ঘটনাটি একটি পটকা ফোটানোর বিষয় ছিল তবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং উদ্ধারকৃত আলামত পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা। পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

