
মোঃ জাহিদ হোসেন জিমু
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক জেলা সংগঠকদের প্রশিক্ষণ ১৫ মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সহসভাপতি শংকরী দেব, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সাংস্কৃতিক সম্পাদক সোমা সেনসহ অন্যান্যরা।
এতে উপস্থিত প্রশিক্ষকগণ বলেন, উন্নত দেশ গঠনে নারীর ক্ষমতায়ন জরুরী। পরিবার,সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীদের অধিকতর সম্পৃক্ত করার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নারীর সক্রিয় তৎপরতা বৃদ্ধির পরিবেশ থাকা আবশ্যক। এই লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে বিশেষত জাতীয় সংসদের নারীর আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি করে এই আসন সমূহে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালু করা,স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশ গ্রহন নিশ্চিত করা কেননা সুশাসন প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয়ভাবে উদ্ভূত সমস্যাবলীর সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য,স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালন করার সুযোগ থাকে। জনগণের প্রতি কাজের দায়বদ্ধতা এবং জবাবদিহিতা মানবিক সমাজ গড়ে তুলতে পথ দেখায়। যদি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে নারীর দৃশ্যমান ও কার্যকর অংশগ্রহন নিশ্চিত করা যায় তাহলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব।

