
মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শাহিন (৩২), ঢাকা জেলার আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মো. মাদার আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৬), একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. সাজু হোসেন (২৯), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হাসান (৪০) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মো. আলী হোসেন (৪৬)। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (১০ আগস্ট) সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোমবার রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির হিসাবে উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
এর আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন ও মো. সাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৩ হাজার ৮০০ টাকা।
পরে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফারুক হাসান ও মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে মোট ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ার কবিরপুর থেকে ৩ হাজার ৪০০ পিস, দুর্গাপুর পশ্চিমচালা থেকে ৪৬ পিস এবং সাভার মডেল থানার মধ্য শ্যামপুর থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
ডিবি আরও জানায়, গ্রেপ্তার ফারুক হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। আর মো. আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং সাভার-আশুলিয়াসহ আশপাশের এলাকায় কারা তাদের সহযোগিতা করতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মাদকের সরবরাহকারী ও চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই চৌকস কর্মকর্তা।

