
নিজস্ব প্রতিনিধি
জেলার দুর্গাপুর উপজেলায় আজ পুলিশের পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক চারলাখ ৮০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলাম তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শনিবার দিবাগত রোববার রাত ১২টা ৪৫ মিনিটে দুর্গাপুর উপজেলার ০১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নের খুজুড়া সাকিনে জনৈক শফিকুল ইসলামের পরিত্যক্ত টিনসেট ঘরে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ‘কিং সুপার’ ব্র্যান্ডের ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দকৃত এসব কম্বলের বাজারমূল্য আনুমানিক চারলাখ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে রাত ২টা ২৫ মিনিটে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারের জনৈক বাবুলের পরিত্যক্ত একটি বেকারীর দোকান থেকে আরও ২০ পিস ’ক্যাট সুপার’ ব্র্যান্ডের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কম্বলের বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র:বাসস

