
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাত্র ১২ হাজার টাকা ঋণের বিপরীতে জামানত হিসেবে নেওয়া ফাঁকা চেকে ১৩ লাখ টাকা বসিয়ে মামলা করার অভিযোগে খাদেমুল ইসলাম নামের এক আলোচিত দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
গত বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ভানোর ইউনিয়নের শিধোর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের পক্ষে দিনমজুর উত্তম কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে অভাবের তাড়নায় ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের দিনমজুর উত্তম কুমার রায় প্রতিবেশী খাদেমুল ইসলামের কাছ থেকে সুদে ১২ হাজার টাকা ধার নেন। অভিযোগ রয়েছে, এক বছরের মাথায় সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজার টাকায়। ধার নেওয়া টাকার দ্বিগুণেরও বেশি পরিশোধ করলেও জামানত হিসেবে রাখা ফাঁকা চেক ফেরত পাননি উত্তম কুমার।
পরবর্তীতে ওই ফাঁকা চেকে ১৩ লাখ টাকা লিখে উত্তমের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন দাদন ব্যবসায়ী খাদেমুল। গত তিন বছর ধরে এই মিথ্যা মামলার পেছনে আইনি লড়াই করতে গিয়ে ভুক্তভোগী উত্তম কুমার দেড় লাখ টাকারও বেশি ব্যয় করে বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

