
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষকবৃন্দকে শারীরিকভাবে হেনস্তা এবং ‘মব’ তৈরির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ ঘটনাস্থলে উপস্থিত শিবিরের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার (৮ আগষ্ট) সহ দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
বিবৃতিতে ছাত্রদল দাবি করে, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউজিসি চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে ধারণক্ষমতার তুলনায় বেশি লোকজন থাকায় এবং ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তার স্বার্থে অডিটোরিয়ামের গেট বন্ধ রাখা হয়।
ছাত্রদলের অভিযোগ, অডিটোরিয়ামের ভেতরে জায়গা না থাকা সত্ত্বেও জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে বন্ধ গেট খোলার জন্য লাথি দেওয়া হয়। একপর্যায়ে ভেতরে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষকরা বাইরে বেরিয়ে এলে জকসু ভিপি ও জিএস প্রক্টরকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শিবিরের মব’ থেকে এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রেহাই পাননি। ছাত্রদল ঘটনাটিকে সারাদেশে শিবিরের বিরুদ্ধে ওঠা ‘সন্ত্রাস ও মবের ধারাবাহিকতা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায়।
ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত জকসুর ভিপি, জিএস ও এজিএস এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তা জকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে ছাত্রদল আরও হুশিয়ারি দিয়ে বলে, দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে জকসুর ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ছাত্রদল নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল জকসুর ব্যানার কোনো ধরনের সন্ত্রাসী বা সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।

