
মোঃ আসিফুজ্জামান আসিফ-সাভার :
বাড়ির গেটে তালা ঝুলিয়ে ভয়ভীতি প্রদর্শন, থানায় জিডি; অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
সাভারে পূর্ব শত্রুতার জেরে এক নারী ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের ধারাবাহিক হুমকিতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভুক্তভোগী ফিরোজা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলেন— মো. জাহিদ (৫৮), শফিফুল ইসলাম (৪০), মো. জনি ইসলাম (৩৩) এবং নাজমুল (৬০)।
ভুক্তভোগী ফিরোজা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। সর্বশেষ গত ৫ আগস্ট দুপুরে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাড়ির সামনে এসে তাকে, তার পরিবারের সদস্য এবং ভাড়াটিয়াদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা মারধরের জন্য তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তারা সেখান থেকে চলে যায়।
তিনি আরও জানান, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও অভিযুক্তরা তাদের বাড়ির প্রধান গেটে তালা ঝুলিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করে এবং একাধিকবার ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে। এসব ঘটনায় পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

