আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিরপুর প্রেসক্লাব—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অনিয়ম, পেশিশক্তি কিংবা অর্থের প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
মোঃ শিহাব উদ্দিন আরও জানান, মিরপুর প্রেসক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কয়েকশ’ সাংবাদিক। বর্তমানে প্রায় দেড় শতাধিক অনলাইন পত্রিকা, ৪০টির মতো প্রিন্ট পত্রিকা এবং দেশের সব জাতীয় টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা এই প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত। ফলে নির্বাচনকালীন সময়ে তাৎক্ষণিক ও সত্যনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সম্ভব হবে।
তিনি বলেন, “ঢাকাসহ দেশের ৩০০টি সংসদীয় আসনের নির্বাচনসংক্রান্ত তথ্য ও খবর সংগ্রহ এবং তা জনসমক্ষে তুলে ধরতে মিরপুর প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এ সময় তিনি মিরপুর প্রেসক্লাবের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমি প্রধান উপদেষ্টা হিসেবে এবং খান সেলিম রহমান, মোহাম্মদ জাকির হোসেনসহ একাধিক অভিজ্ঞ ও খ্যাতনামা সম্পাদক উপদেষ্টা ও কর্ণধার হিসেবে মিরপুর প্রেসক্লাবের পাশে রয়েছেন।
সব মিলিয়ে প্রজ্ঞা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সমন্বয়ে মিরপুর প্রেসক্লাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ পরিবেশনে জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।