
মোঃ রুবেল সিকদার
ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের সদস্য হিসেবে অভিযুক্ত কামরুল হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাক থেকে উদ্ধার করা হয় ৪টি চোরাই মহিষ।
পুলিশ জানায়, ০৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:৪১ মিনিটে ভান্ডারিয়া থানার রাত্রিকালীন ডিউটিরত দুটি মোবাইল টিমের যৌথ অভিযানে চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়া একটি হলুদ রঙের মিনি ট্রাককে ধাওয়া করে বড় কানুয়া এলাকার বটতলা থেকে আটক করা হয়।
তল্লাশির সময় ট্রাক থেকে ঝালকাঠী জেলার কাঁঠালিয়া থানা এলাকা থেকে চুরি হওয়া ৪টি মহিষ উদ্ধার করা হয়। ট্রাকে থাকা উত্তর ভিটাবাড়িয়া এলাকার বাসিন্দা কামরুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ৮টি ডাকাতি, ৩টি দস্যুতা এবং ৪টি চুরির মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। উদ্ধারকৃত ৪টি মহিষ ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কাঁঠালিয়া থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

