
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসেন চৌধুরী এবং বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “পরিবেশ রক্ষা শুধু একটি দিনের কর্মসূচি নয়; আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

