
মোঃ মাহাবুল ইসলাম মুন্না
জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা) অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) বোরহান উদ্দিন অন্তর, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ করার কোনো প্রয়োজন নেই। গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জেনে সবাইকে সচেতন থাকতে হবে।”
সভায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং গুজব মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

