
মোহাম্মদ আলী ভূঁইয়া,
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর স্থানীয় এক খালের পানি থেকে আবির হোসেন (১৩) নামের এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিংপুর ইউনিয়নে।
নিহত শিক্ষার্থী স্থানীয় সিংপুর হাজী আফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং ওই ইউনিয়নের বাসিন্দা মোঃ গোলজার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে আবির নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারটিতে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছিল।
অবশেষে আজ সকালে এলাকাবাসী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে আবিরকে শনাক্ত করে। পরে ভাসমান অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৫ ঘণ্টা পর কিশোরের প্রাণহীন দেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, কীভাবে কিশোরটি খালে পড়ে গেল নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

