
মোঃ মাহাবুল ইসলাম মুন্না,
বাংলাদেশ রেলওয়ের পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক টিটিইর বিরুদ্ধে বৈধ টিকিটধারী এক শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, টিটিই টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বিনা রসিদে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত হন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত টিটিইকে তাদের সামনে হাজির করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে সন্তোষজনক কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, ঘটনার পর রেললাইন অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তবে অভিযোগের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিযুক্ত টিটিইর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

