
মুহিবুর রহমান খান-কুড়িগ্রাম :
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই তরুণ মাথা ন্যাড়া করে আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন।
সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে তারা ভবিষ্যতে আর কখনও আর্জেন্টিনার সমর্থন করবেন না বলে ঘোষণা দেন।
জানা গেছে, রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিশ্বকাপ উপলক্ষে তারা নিজেদের বাড়ি ও আশপাশে আর্জেন্টিনার পতাকা টানিয়েছিলেন, জার্সি পরে প্রতিটি ম্যাচে দলকে উৎসাহ দিয়েছেন এবং ফাইনালকে ঘিরে শিরোপা উদযাপনেরও প্রস্তুতি নিয়েছিলেন।
কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তাদের সেই উচ্ছ্বাস মুহূর্তেই হতাশায় রূপ নেয়। খেলা শেষে তারা স্থানীয়দের সামনে ঘোষণা দেন, পরদিন মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেবেন। ঘোষণামতো সোমবার তারা প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় যুবক আল মাসুদ বলেন, “ফুটবলকে ঘিরে এমন আবেগ এর আগে এলাকায় খুব একটা দেখা যায়নি। এটি তাদের প্রিয় দলের পরাজয়ে হতাশার বহিঃপ্রকাশ। তবে খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা উচিত নয়।”
রোমান ও আল আমিন বলেন, “আমরা আর্জেন্টিনার কঠোর সমর্থক ছিলাম। নিজের টাকা খরচ করে জার্সি ও পতাকা কিনেছি। শুরু থেকে অন্য দলের সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক করেছি। কিন্তু শেষ পর্যন্ত দল হেরে যাওয়ায় আমাদের খুব খারাপ লেগেছে। তাই ক্ষোভ থেকে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের আবেগঘন এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

