
মধ্যনগর প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম।
আলোচনায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য হওয়া, শিক্ষকদের সম্মান করা এবং সুশৃঙ্খল জীবন গড়ে তোলা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। তিনি মাদকের ভয়াবহ কুফল, ইভটিজিং ও বাল্যবিবাহের সামাজিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও দেশপ্রেম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ওসি শাহাবুদ্দিন শাহিন সেগুলোর উত্তর দেন এবং সুন্দর সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

