
আল মুজাহিদ
সরকারের প্রতিশ্রুতির মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঝিকরগাছায় নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন যশোর – ২ আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। ২০ জুলাই (সোমবার) সকাল ৯ টায় উপজেলা মোড়সংলগ্ন রাজাপটিস্থ বিটিসিএল ভবনের পাশে এ নির্ধারিত জায়গাটি তিনি পরিদর্শন করেন৷
পরিদর্শনকালে সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ জানান, প্রায় ৪ মাস আগে জায়গাটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের মতামত নিয়ে বিটিসিএল সংশ্লিষ্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চুক্তিপত্র অনুযায়ী অনাপত্তি পত্র ইস্যু করেন । এ সংক্রান্তে বোর্ডে একাধিক বার সভা করা হয়েছে। কিছু টেকনিক্যাল ত্রুটি ছিলো সেটি সমাধান করেছে । আর বাকি বিষয়গুলো খুব দ্রুত নিষ্পত্তি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মহিলা আসনের এমপি সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল সহ বিটিসিএল কর্মকর্তা- কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
তথ্য সূত্রে জানা গেছে , বাংলাদেশ সরকার সারাদেশে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে এ পর্যন্ত সারাদেশে মোট ৩০০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাওয়ায় তাদের উপজেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে । আনন্দ – উচ্ছ্বাস ও উৎফুল্লতায় ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন মসজিদে পুরুষ ও মহিলা উভয়ই নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে৷

