
মাসুম বিল্লাহ,
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উন্নয়ন কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, “উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই কাজে শৈথিল্য প্রদর্শন করা যাবে না।” একই সাথে তিনি সব দপ্তরের নিজ নিজ ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ করার জন্য নির্দেশ দেন। জেলার উপজেলা পর্যায়ে নির্মিত মডেল মসজিদগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করে হস্তান্তরের নির্দেশনাও প্রদান করা হয়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এছাড়া হাসপাতাল ও এর আশেপাশের এলাকাকে ধূমপানমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কয়রা উপজেলার মুন্ডা, মালো ও বাঘ-বিধবা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে তাদের স্বাবলম্বী করার আহ্বান জানান তিনি।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী জানান, ১৫ জুলাই পর্যন্ত হাম সন্দেহে ১২০০ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ৪৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন এবং এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, জেলার ৩ লাখ ২৬ হাজার ৫৬১টি কৃষক পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ৯টি উপজেলার ৯টি ব্লকে ১৫ হাজার ৬৬৯টি পরিবারকে এই কার্ড দেওয়া হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী ১৩টি অভিযানে ৭২০ কেজি চিংড়ি বিনষ্ট ও ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মৎস্য সংরক্ষণ আইনে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, চলতি মাসে টিকা বিক্রয়সহ বিভিন্ন খাত থেকে ১৯ লাখ ১ হাজার ৮০৬ টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে এ পর্যন্ত মোট রাজস্ব আয়ের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ২৯৫ টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, গত মাসে ১২টি বাজারে তদারকি অভিযান চালানো হয়েছে। অনিয়মের দায়ে ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

