
সাকিব হাসান নাইম
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ স্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৮ জন বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে ১৪ জন শিক্ষার্থীর এ কৃতিত্বে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জনের মধ্যে ৫ জন রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে বৃত্তি অর্জন করেছে। অপর একজন শিক্ষার্থী রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ছাত্র হলেও তিনি অন্য একটি বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন।
এছাড়া বিদ্যালয়ের আরও ৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। একসঙ্গে ১৪ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জনের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মান, দক্ষ শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মামুনুর রশীদ বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবে।”
বৃত্তির ফল প্রকাশের পর বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা এ কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে বৃত্তিপ্রাপ্তদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শিক্ষাঙ্গনে ধারাবাহিক সাফল্যের এ ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

