
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম।
গ্রেপ্তারকৃতরা হলেন লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে তল্লাশিতে আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, দোকান থেকে ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে কামালের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধেই পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। জেলার মাদক নির্মূলে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

