
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন জুয়ার বিরুদ্ধে র্যাব-৯-এর অভিযানে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। একই দিনে পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহআরো ৩ জন মোট সাতজনকে আদালতে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।
র্যাব-৯ জানায়, শুক্রবার ১৭ জুলাই দিবাগত রাত ১টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটে অবস্থিত ‘মকবুল ব্রাদার্স টেলিকম’ দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে মকবুল হোসেন (৩৮), বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) ও আব্দুল বাসিত (৩৬)কে আটক করা হয়। তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে চক্রটির মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে কুলাউড়া থানা পুলিশ একই রাতে পৃথক অভিযানে তিন বছরের সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবেরকেও আটক করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, শুক্রবারের অভিযানে গ্রেপ্তার মোট সাতজন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে র্যাব-৯-এর অভিযানে আটক চারজনও রয়েছেন।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

