
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহিমা ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর হামদ-নাত বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ১৫ জুলাই (বুধবার) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে জাতীয় পদক, সনদ ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজয়ীরা উপস্থিত ছিলেন।
মাহিমা কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বাসিন্দা। তিনি করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মো. জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী এবং মা হালেমা আক্তার একই বিদ্যালয়ের শিক্ষক। পরিবার, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিজের অধ্যবসায়ে তিনি এ অসাধারণ সাফল্য অর্জন করেন।
মাহিমার এ কৃতিত্বে কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, তার এই অর্জন জেলার শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবময় অধ্যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

