
তাসনিম মুহসিন :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে সরকারি মাতৃকালীন ভাতার সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যাদের কার্ড করে দেওয়া হয়েছে বা তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাদের অনেকের কাছ থেকেই গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টদের মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়েছে।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, মাতৃকালীন ভাতার কার্ড করে দেওয়ার পর সুবিধাভোগীদের কাছ থেকে ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। অভিযোগ রয়েছে, গ্রাম পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে এই টাকা নেওয়া হয়। এই অর্থ আদায়ের বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও উক্ত ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। সরকারি নীতিমালা অনুযায়ী এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও, এভাবে অর্থ আদায়ের ঘটনাকে অনভিপ্রেত বলছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান, “মাতৃকালীন ভাতার কার্ড দেওয়ার জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। এটি একটি সরকারি সেবা যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা। সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি সরকারি নিয়মের পরিপন্থী। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা (SMS) পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি

