
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
বাহরাইনে নির্মাণকাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের জসিম আহমেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১টার দিকে রাজমিস্ত্রীর কাজ করার সময় তিনি একটি ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জসিম প্রায় ছয় বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বর্তমানে মরদেহ বাহরাইন পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

