
মোহাম্মদ আলী ভূঁইয়া
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) রাতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করে কুলিয়ারচর থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছাঃ রুবিনা খাতুন (৪৬)। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কুলিয়ারচর থানা-পুলিশের একটি দল মোবাইল ডিউটি ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকের একটি বড় চালান বাজিতপুরের সরারচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
“জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
— কিশোরগঞ্জ জেলা পুলিশ
খবর পেয়ে পুলিশ টিম উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে পাকা রাস্তার ওপর তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন সিএনজিটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সিগন্যাল দেয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের চটের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রুবিনা খাতুন মাদক বিক্রির উদ্দেশ্যে এই চালানটি নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

