
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেনারেল হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, অর্থবাণিজ্য এবং রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী। সোমবার (১৩ জুলাই) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকদের ব্যানারে বক্তারা বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। সরকারি নিয়মানুযায়ী রোগীদের খাবার তালিকায় ১৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও, বাস্তবে রোগীদের দেওয়া হচ্ছে মাত্র ৩০-৪০ গ্রাম। এমন অভিযোগ তুলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, হাসপাতালটিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও অর্থবাণিজ্যের ঘটনা ঘটছে। দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খন্দকার জাকারিয়া জীম, খন্দকার আমির হামজা, আপেল মাহমুদ, সুজন মাহমুদ, রিফাতুন্নবী রিফাত ও রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
বক্তারা অনতিবিলম্বে এসব অনিয়মের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ঠিকাদার বাতিলের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধ না হলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

