
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী দলের কিছু নেতাকর্মীর ভূমিকায় ক্ষোভ ও অভিমান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “যারা বেঈমানী করেছে, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা পরবর্তীতে কোনো কমিটিতে থাকতে পারবে না।”
গতকাল এক দলীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী অভিযোগ করে বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপির কিছু নেতাকর্মী বুকে ধানের শীষ প্রতীক নিয়েও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছেন। যা দলের জন্য লজ্জাজনক ও দুঃখজনক।
তিনি আরও বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই দলের প্রাণ। কিন্তু যারা নিজের স্বার্থে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে, তাদের চিহ্নিত করতে হবে। দলের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ যাদের কাছে বড়, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই।”
সাবেক এই সাংসদ দলীয় শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, আগামীতে দল পুনর্গঠনের সময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। বিশ্বাসঘাতকদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা সাবেক সভাপতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং দলে অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী কুষ্টিয়া-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

