
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মো. মাজহারুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১২ জুলাই দিবাগত রাতে ফুলছড়ি থানাধীন উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাজহারুল ইসলাম ওই গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। ১২ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামস্থ আসামির বসতবাড়ির বারান্দায় মাদক কেনাবেচার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধৃত মাজহারুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের সামনে আসামিকে তল্লাশি করলে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ১০.৫ গ্রাম।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে ১৩ জুলাই ২০২৬ তারিখে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাদক নির্মূলে জেলা পুলিশ সব সময় তৎপর। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

