
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা সদর উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (১২ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার কিসামত মালিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ২ নম্বর মালিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান চালায়।
অভিযানকালে জনৈক লাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. উজ্জল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক উজ্জল মিয়া গাইবান্ধা সদর থানা এলাকার কাউন্সিলর বাজারের মো. হাবিবুর রহমানের ছেলে।
গাইবান্ধা জেলা পুলিশ জানায়, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

