
মোঃ আলমগীর হোসাইন :
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার্স স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।
আজ সোমবার (৩০ জুন) সকালে কোনাবাড়ী থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ফুটপাত থেকে সবধরনের অবৈধ দোকান, মালামাল এবং প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়া হয়।
পথচারীদের চলাচলে ভোগান্তি কমানো ও জনদুর্ভোগ রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
স্থানীয়রা পুলিশি উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করে হকাররা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

