
আবরার নুর ফাহিম :
ভ্রাম্যমাণ প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় নির্মিত ‘গ্রিন ভ্যালি বৃদ্ধাশ্রম ও এতিমখানা’ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সমাজের অসহায়, দুস্থ ও আশ্রয়হীন প্রবীণ ব্যক্তি এবং এতিম শিশুদের নিরাপদ আশ্রয় ও মানবিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এক একর জমির ওপর নির্মিত তিনতলা ভবনটিতে প্রাথমিকভাবে ২০ জন এতিম শিশু ও ১০ জন প্রবীণকে নিয়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালু হলে এখানে একসঙ্গে ২০০ জনের আবাসনের ব্যবস্থা থাকবে, যার মধ্যে ১৫০ জন এতিম শিশু এবং ৫০ জন প্রবীণ থাকবেন।
প্রতিষ্ঠানটিতে আধুনিক আবাসন, স্বাস্থ্যসেবা, পাঠাগার, বিনোদন কক্ষ, পরিচ্ছন্ন রান্নাঘর ও খাবার কক্ষসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের আত্মনির্ভরশীল করে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কৃষিকাজ, গবাদিপশু পালন এবং ফল-সবজি চাষেরও পরিকল্পনা রয়েছে।
প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরিয়া পারভীন জানান, গ্রিন ভ্যালি বৃদ্ধাশ্রম ও এতিমখানাকে আন্তর্জাতিক মানের একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ উদ্যোগ সফল করতে সমাজের সচেতন ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

